ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা: প্রধান উপদেষ্টা

ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ২০:২০

বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।

তিনি বলেন,‘আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এ জন্য নিত্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গেই ভাষার প্রাধান্য আসে।’

ড. ইউনূস বলেন, যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, সে দেশের ভাষার জন্য সারা পৃথিবী ঝুঁকে পড়বে।

তিনি আরও বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই।

প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশে শৈশবে পড়ার সময় মাতৃভাষার পাশাপাশি একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে–এ রকম কোনো চিন্তা তাদের মাথায় আসে না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading