পদত্যাগ করতে পারেন পোপ ফ্রান্সিস

পদত্যাগ করতে পারেন পোপ ফ্রান্সিস

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ২০:২৫

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এমনটাই জানিয়েছেন পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল। তারা বলেছেন, যদি পোপের স্বাস্থ্যের অবনতি হয়, সেক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন।

পোপ ফ্রান্সিস এখন হাসপাতালে রয়েছেন। ৮৮ বছর বয়সি ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকান এক বিবৃততে জানায়, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসা দেয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরও জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’ আর তার শরীরে জ্বর নেই।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

এরপর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতি ভ্যাটিকান জানায়, পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে তার জ্বর নেই।

তবে পোপের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কাও করছেন তার ঘনিষ্ঠ কার্ডিনালরা। তারা বলছেন, সেক্ষেত্রে পদত্যাগ করতে পারেন তিনি। সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন মতে, এখন পর্যন্ত অন্তত তিন জন কার্ডিনাল পোপের পদত্যাগের সম্ভাবনার নিয়ে কথা বলেছেন।

ক্যাথলিক হেরাল্ডের এক প্রতিবেদন মতে, ইতালীয় রেডিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভ্যাটিকানের একজন জ্যেষ্ঠ কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি। এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি পোপ পদত্যাগ করবেন কিনা তা নিয়ে আলোচনা করেন তিনি।

কার্ডিনাল জিয়ানফ্রাঙ্কো রাভাসি বলেন, ‘আমি মনে করি তিনি [পদত্যাগ] করতে পারেন কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি তার পছন্দগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বেশ আন্তরিক।’

পোপের সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে কথা বলেছেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান যোসে ওমেলাও। কার্ডিনাল ওমেলা গির্জার ধারাবাহিকতার ওপর জোর দিয়ে বলেন, ‘পোপ বদলায়, আমরা বিশপরা বদলাই, প্যারিসের পুরোহিতরা বদলায়, সবাই বদলায়। কিন্তু ট্রেনটি চলতেই থাকে।’

পোপের পদত্যাগ করার সম্ভাবনা সম্পর্কে কার্ডিনাল অ্যাভেলিন বলেন, ‘পোপ যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন তবে ‘সবকিছুই সম্ভব।’ ২০১৩ সালে আকস্মিকভাবেই পদত্যাগের ঘোষণা দেন পোপ ফ্রান্সিসের পূর্বসূরী পোপ ষোড়শ বেনেডিক্ট। যা ১২৯৪ সালের পর কোনো পোপের পদত্যাগের প্রথম কোনো ঘটনা।

সেই সময়ে পোপ ষোড়শ বেনেডিক্ট স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। সংশিষ্টরা বলছেন, তার (পোপ ষোড়শ বেনেডিক্টের) শারীরিক অবস্থা সম্ভবত পোপ ফ্রান্সিসের মতো গুরুতর ছিল না। তবে পোপ ফ্রান্সিস সম্প্রতি স্পষ্টভাবেই জানিয়েছেন, যদি স্বাস্থ্যগত সমস্যা যথেষ্ট গুরুতর হয়ে ওঠে তবে তিনি পদত্যাগ করার কথা বিবেচনা করবেন।

তথ্যসূত্র: এপি, ক্যাথলিক হেরাল্ড

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading