পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ইন্ডিয়ার
উত্তরদক্ষিণ। রবিবার (২৩ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩৫
ইন্ডিয়া-পাকিস্তানের মাঠের লড়াই এখন যেন কেবলই অতীত! সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে মাঠের বাইরে যতটা উত্তেজনা দেখা যায়, মাঠের ভেতরে তার ছিটেফোঁটাও পাওয়া যায় না। ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্যের কাছে যেন অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের দেখায়ও চিত্রটা বদলায়নি। ৪৫ বল হাতে রেখে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইন্ডিয়া। অপরাজিত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।
২৪২ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে ইন্ডিয়া। বিশেষ করে রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তবে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেননি ইন্ডিয়া অধিনায়ক। আরেক ওপেনার শুবমান গিলও একই মেজাজে ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৪৬ রান।
তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ১১১ বল খেলে ১০০ রানে অপরাজিত ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তাছাড়া শ্রেয়াস আইয়ার করেছেন ৬৭ বলে ৫৬ রান।
এর আগে নতুন বলে ইন্ডিয়ার পেস সামলে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইয়ে পরাস্ত হন। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে। ২৩ রান করে বাবর ফেরায় ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।
ইউডি/এবি

