শিক্ষকরা থাকবে ক্লাসে, তারা রাস্তায় কেন-এই লজ্জা আমাদের সবার: জোনায়েদ সাকি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬: ৪০
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, শিক্ষকরা থাকবে ক্লাসে। তারা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, দ্রুত তাদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তাছাড়া আমাদের দেশের সব শিশু যেন বিশেষ করে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করতে পারে এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এই যে কতগুলো স্কুল বেসরকারিভাবে গড়ে উঠেছে তারা এমপিও’র দাবি করছে। আমরা চাই, সরকার যেন তাদের বেতনের নব্বই ভাগ দেয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ তৈরি করতে হবে। শিক্ষকদের জন্য তৈরি করতে হবে স্বতন্ত্র বেতন স্কেল। এর মাধ্যমে দেশের সব শিক্ষা খাতের সমস্যা সমাধান করতে হবে।
জোনায়েদ সাকি বলেন, যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে, তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। কিন্তু এই অভ্যুত্থানের সরকারকে বলবো, শিক্ষকদের যে সমস্যা তা দূর করার উদ্যোগ দ্রুত নিতে হবে।
তিনি আরও বলেন, আমরা দেখিছি, গত চার বছরে নতুন করে কোনও এমপিওভুক্তি হচ্ছে না। এমপিওভুক্তির জন্য বরাদ্দ আসছে কিন্তু এই বরাদ্দ ব্যবহার হচ্ছে না। শিক্ষা খাতসহ সব খাতে লুটপাট এখনও বন্ধ হয়নি। চুরি দুর্নীতি, লুটপাট ভয়ংকরভাবে হয়েছে। আমি চাইবো, এসব শিক্ষকদের সঙ্গে সরকারের উপদেষ্টারা কথা বলবেন এবং তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেবেন।
ইউডি/এজেএস

