জাতীয় শহীদ সেনা দিবস : বিএনপি’র যত কর্মসূচি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৭:৩২
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একদিনের এই কর্মসূচি করেন।
তিনি বলেন, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি বিএনপি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে এই দিনটি। এবার দিনটি সরকারের পক্ষ থেকে জাতীয় শহীদ সেনা দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয়ভাবে এই দিবসটি পালনে সরকারের ঘোষণার প্রতি বিএনপি সমর্থন জানাচ্ছে। এত দিন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের কৃত অপকর্ম ঢেকে রাখার জন্য এই দিবসটিকে আড়াল করে রাখার চেষ্টা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে বনানী সেনা কবরাস্থানে নিহদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেখানে দোয়া করা, আলোচনা সভা হবে বিকাল সাড়ে ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। একই সঙ্গে সারাদেশে জেলা-মহানগরে দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন রিজভী।
প্রসঙ্গত, প্রতিবছরের ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। গত রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। সেখানে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
তবে এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি যথাযথভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয় পরিপত্রে।
ইউডি/এজেএস

