পাকিস্তানকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
উত্তরদক্ষিণ। সোমবার (২৪ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫৫
টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলো বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। সেইসঙ্গে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে গেলো। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেনি শান্ত বাহিনী। অধিনায়ক শান্ত এবং জাকের আলীর লড়াইয়ে শেষ পর্যন্ত ২৩৬ রানের সম্মানজনক স্কোর পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্র’র দুর্দান্ত সেঞ্চুরিতে ২৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে কিউইরা।
দুই ম্যাচের দুটিতে জিতে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজ বাংলাদেশ জিতলে পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকতো। কিন্তু টাইগারদের হারে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন এখানেই শেষ হয়ে গেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড।
রানতাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট বিলিয়ে দেয় নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে কোনও রান যোগ না হতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইল ইয়ংকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাসকিন আহমেদ। তিনে নেমে কেইন উইলিয়ামসনও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। ৪ বলে ৫ রান করে নাহিদ রানার বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।
১৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে কিউইরা। এরপর ডেভন কনওয়ে ও রাচিন বরীন্দ্র’র ৭৩ বলে ৫৭ রানের জুটিতে সেই চাপ সামাল দেয় তারা। মোস্তাফিজের বলে কনওয়ে আউটি হলে ভাঙে সেই জুটি।
চতুর্থ উইকেট জুটিতে ১৩৬ বলে ১২৯ রান যোগ করেন রাচিন এবং টম লাথাম। দলীয় ২০১ রানে রবীন্দ্র আউট হলে ভাঙে তাদের জুটি। ১০৫ বলে ১১২ রানের হার না মানা দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার। ততক্ষণে জয়ের একেবারেই কাছাকাছি পৌঁছে গেছে কিউইরা।
স্কোরবোর্ডে আর ১৩ রান যোগ করতেই টম লাথামকেও হারায় তারা। মাহমুদউল্লাহ’র দারুণ এক থ্রো’তে রানআউট হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭৬ বলে ৫৫ রান। এরপর মিচেল ব্রেসওয়েলকে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস। ফিলিপস ২৮ বলে ২১ রানে এবং ব্রেসওয়েল ১৩ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
ইউডি/এবি

