নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

উত্তরদক্ষিণ। সোমবার (২৪ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫০

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী শুক্রবার। ওই দিন বেলা তিনটায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। তবে দলের নাম এখনো চূড়ান্ত হয়নি।

নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ ও সময় ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে।’

‘জুলাই স্পিরিট’ (জুলাইয়ের চেতনা) সামনে রেখে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে চান উল্লেখ করে সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ সম্পর্কে মানুষের যে কল্পনা, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াইয়ের বিষয়। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দল করতে যাচ্ছে। নতুন দলের আত্মপ্রকাশ জাতীয় সংসদকে সামনে রেখে করতে চান তারা। কারণ, যুগের পর যুগ এই জাতীয় সংসদকে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত ও গোষ্ঠীগত দলীয় নীতি প্রণয়নের জায়গা করে রাখা হয়েছিল। যেখানে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা, সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদনক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা, আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের প্রতিনিধিরা থাকবেন বলে জানান সারজিস আলম। তিনি বলেন, দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, ধর্মীয় থেকে শুরু করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ সবার অংশগ্রহণ থাকবে। এর পাশাপাশি গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা নানা শ্রেণি-পেশার নির্যাতিত মানুষসহ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ছাত্র-জনতা অনুষ্ঠানে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘নতুন দলের কমিটিতে কারা আসছেন, এসব বিষয় আত্মপ্রকাশের দিনই আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেব।’

আরেক প্রশ্নের জবাবে আখতার বলেন, ‘নিজেদের মধ্যে আলাপ-আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই আমরা নেতৃত্ব নির্বাচন করছি। আমাদের দলের গঠনতন্ত্র এবং সামনের দিনে যে কাউন্সিল হবে, সেখানে আমরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি দলে অন্তর্ভুক্ত করতে চাই।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading