সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচন দ্রুত হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচন দ্রুত হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫০

নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ এ কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের সব পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবিলা করতে হবে। এ ছাড়া নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে দ্রুত নির্বাচন হয়ে যাওয়া উচিত। নাগরিক সেবায় গতিশীলতা আনতে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা-চেতনা-আচরণের মধ্যেও সংস্কার আনা জরুরি বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। কিন্তু এখনো অনেক রাজনৈতিক নেতা বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক নেতাদের বক্তব্য আরও মার্জিত হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল আলম।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading