আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন প্রধান উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২১:২০
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়ে জনতার কাতারে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি তার পদত্যাগপত্র স্বাক্ষর করেন এবং তা জমা দেন।
এ খবর জানাজানির পর থেকেই অনেকের আগ্রহ, কী ঘটেছিল পদত্যাগের মুহূর্তে। অনেকে ফেসবুকেও খোঁজাখুঁজি করছেন, সে সময়ের কোনো স্থিরচিত্র বা ভিডিও পাওয়া যায় কি না।
অবশ্য মঙ্গলবার সন্ধ্যায় স্ট্যাটাস দিয়ে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নাহিদ ইসলামের সঙ্গে স্ত্রী, বাবা-মা ও ছোট ভাই এসেছিলেন। জুলাই বিপ্লবের শীর্ষ নেতা নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। এসময় প্রফেসর ইউনূস আবেগাপ্লুত হয়ে নাহিদকে জড়িয়ে ধরেন। এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে ছবি তোলেন। ছেলের জন্য ড. ইউনূসের কাছে দোয়া চেয়েছেন নাহিদের মা। এর আগে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে ছবি তোলেন নাহিদ। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং একটি সংক্ষিপ্ত মন্ত্রিসভা বৈঠক করেন।
ইউডি/এবি

