পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করায় জোর প্রধান উপদেষ্টার
উত্তরদক্ষিণ। বুধবার (২৬ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩৫
দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বিষয়ে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরশেন-রোসাটম এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভের বৈঠকে তিনি এ ব্যাপারে রাশিয়ার সহযোগিতা চান।
প্রধান উপদেষ্টার কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেছে।
রাশিয়ার ঋণে পাবনার ঈশ্বরদী এলাকার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। কেন্দ্রটি নির্মাণ করছে রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ২০১৭ সালে প্রকল্পের মূল কাজ শুরু হলেও কোভিড মহামারী, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধসহ বিভিন্ন কারণে বিদ্যুৎকেন্দ্রের কাজ থমকে যায়।
যে কারণে চলতি বছর জানুয়ারিতে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়া কথা থাকলেও এখনো কাজ শেষ হয়নি। ১২০০ মেগাওয়াট করে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি প্রথম ইউনিটের জ্বালানি এসেছে ২০২৩ সালের অক্টোবরে।
বৈঠকে রোসাটমের মহাপরিচালক লিখাচেভ বলেছেন, শিগগির বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
পারমাণবিক শক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চলমান পারমাণবিক সহযোগিতা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) প্রকল্প নিয়ে আলোচনা হয়।
ইউডি/এবি

