৬ মাসের মাথায় নগদে নতুন প্রশাসক
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩৫
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদে নতুন প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়ার তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
আগের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে যুক্ত করা হয়েছে; দায়িত্ব নেওয়ার ছয় মাস পর তাকে সরানো হল।
অনিয়মের নানা অভিযোগের মধ্যে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটিতে গত ১২ ফেব্রুয়ারি অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন-দুদক। সেই অভিযানের দিন বদিউজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে।
এর ১৫ দিনের মধ্যে তাকে সরিয়ে নতুন প্রশাসককে দায়িত্ব দিল কেন্দ্রীয় ব্যাংক।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২১ অগাস্ট নগদের আগের পর্ষদ ভেঙে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামানকে প্রশাসক করা হয়। এর পরদিন নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের ওই সিদ্ধান্তকে স্বাগত জানান।
ইউডি/এবি

