মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা

মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:৩০

তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের অপেক্ষা। কিছুক্ষণ পরই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’র।

জাতীয় নাগরিক পার্টি নামে নতুন এই দলের আত্মপ্রকাশে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে করা হয়েছে অস্থায়ী মূল মঞ্চ। মঞ্চের সাজসজ্জায় স্থান পেয়েছে আবু সাঈদের প্রসারিত হাত আর আর জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি। ৩৬ রাজনৈতিক দলসহ ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনে। তাদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশস্থলে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ ধারার রাজনীতি করবে। পাশে দাঁড়াবে গণমানুষের, করবে গণতন্ত্রের পুনরুদ্ধার, এমন প্রত্যাশা আগতদের।

সমাবেশে যোগ দিতে দেশের প্রান্তিক এলাকা থেকে আসছেন প্রবীণরাও। বিগত দিনের রাজনীতির খুঁটিনাটি ভুল এবং তা থেকে উত্তরণে তরুণদের ওপর আস্থা তাদের।

সাধারণ মানুষও স্বাগত জানিয়েছেন নতুন রাজনৈতিক দলকে। আগের রাজনৈতিক দলগুলো ক্ষমতার মসনদে বসে নিজেদের আখের গুছিয়েছে দাবি করে তারা বলছেন, এবার সুযোগ পাওয়া উচিত তরুণ সমাজের।

সমাবেশস্থলে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সতর্ক অবস্থানে আছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

সূত্র বলছে, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদের নাম চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন: আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading