গত ১৫ বছর গণতন্ত্রের কথা বললেই গুম-খুন করা হত: নাসির উদ্দিন

গত ১৫ বছর গণতন্ত্রের কথা বললেই গুম-খুন করা হত: নাসির উদ্দিন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৯:২০

দেশে গত ১৫ বছরে গণতন্ত্রের কথা বলতে গেলে পতিত আওয়ামী লীগ সরকার গুম-খুন করতো বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বিদেশসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকা আপামর জনগোষ্ঠী অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে স্বাধীনতার সূর্য নতুনভাবে উদিত করেছেন। আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা একত্রিত হয়েছি।

দেশের রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোর কোনো সিস্টেম বর্তমানে কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, গত ৫৩ বছর যে রাজনৈতিক ইনস্টিটিউশনগুলোর কোনো সিস্টেম বর্তমানে কাজ করছে না। এমন অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক ভূমিকা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

‘গত ১৫ বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, তখন আমাদেরকে গুম-খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধকে গ্রেফতার করা হয়েছে, শুধু গ্রেফতার নয়, দেশছাড়াও করা হয়েছিল অনেককে। এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই খুনি হাসিনার সামনে ইস্পাত কঠিন মূর্তির মতো দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই ’৪৭ সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রাখে। কিন্তু গত নির্বাচনের পর মানুষ যখন আশাহত হয়েছিল, তখন ছাত্ররা শেষ আশার প্রতীক হিসেবে জনগণের সামনে উদয় হয়’, যোগ করেন তিনি।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমরা এজন্য যেসব রাজনীতিকবৃন্দ, দল, পক্ষ, গোষ্ঠী গত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, গণগ্রেফতারের শিকার হয়েছেন, দেশছাড়া হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুইয়েছেন, আমরা আজ এ মঞ্চ থেকে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।

সারা দেশ থেকে জনসভায় যোগ দেয়া মানুষজনকে স্যালুট জানিয়ে তিনি বলেন, আপনাদের এ কষ্টকে আমরা স্যালুট করি। আপনাদেরকে আমরা কোনো টাকা-পয়সা দিয়ে আনিনি। আপনাদেরকে কোনো লোভ দেখিয়ে এ জনসভায় উপস্থিত করিনি। কিন্তু আপনাদের সামনে আমরা একটি জিনিস দেখাতে সক্ষম হয়েছিলাম, সেটি হলো- একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, নতুন বাংলাদেশের আশা, নতুন বাংলাদেশের জাগরণ। এই জাগরণে আজ আপনারা ঐতিহাসিক পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন, যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র-জনতা ঐতিহাসিক ৫ আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আজ আমরা ঐতিহাসির একটি সময় একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার জন্য উপনীত হয়েছি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading