মার্চেই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে: চিফ প্রসিকিউটর
উত্তরদক্ষিণ। শনিবার (০১ মার্চ), ২০২৫, আপডেট ২৩:০০
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন চলতি মাসের মধ্যেই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
শনিবার (১ মার্চ) সিলেট নগরীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ শীর্ষক কর্মশালায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার স্বাক্ষর করেছিল। সেই চুক্তির আওতায় ইন্ডিয়া সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। তাছাড়াও শেখ হাসিনাকে ইন্টারপোলর মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে বিচারকাজ শুরু হবে।
দিনব্যাপী এ কর্মশালায় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানসহ বিচার বিভাগ, সিলেট বিভাগের পুলিশ, প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/এবি

