বাজে ম্যাচ, মূল্য দিতে হতে পারে : আনচেলত্তি
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৬::৫৮
হতাশা কিংবা উচ্ছ্বাস, সবকিছু প্রকাশ করার ক্ষেত্রেই সাধারণত বেশ পরিমিত কার্লো আনচেলত্তি। তবে এবার বিরক্তি লুকলেন না তিনি। রেয়াল বেতিসের বিপক্ষে পরাজয়ের পর রেয়াল মাদ্রিদ কোচ সরাসরিই বললেন, এরকম খেললে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের কাছেও হারতে হবে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ হেরে লা লিগা শিরোপা ধরে রাখার ক্ষেত্রেও শঙ্কার ছবি দেখছেন কোচ।
লা লিগায় শনিবার রেয়াল বেতিসের মাঠে দশম মিনিটে ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যায় রেয়াল মাদ্রিদ। তবে ৩৪তম মিনিটে সমতায় ফেরে বেতিস। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেতিসকে এগিয়ে দেন ৯ বছর মাদ্রিদে খেলে আসা ইসকো।
এই হারে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ল রেয়াল। এ দিনই আথলেতিক বিলবাওকে হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে আতলেতিকো। বার্সেলোনা রোববার জিতলে পয়েন্ট হবে ৫৭। রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪। ম্যাচের পর আনচেলত্তি স্বীকার করে নিলেন, শিরোপা ধরে রাখার সম্ভাবনায় বড় চোট হতে পারে এই পরাজয়।
“বাজে ম্যাচ ছিল এটি। শুরুটা ভালো করেছিলাম আমরা, তবে শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারিনি। ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা এমন দলের বিপক্ষে, যারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং জয় তাদেরই প্রাপ্য।” “এটা সত্যিকারের ধাক্কা। মৌসুমের এই পর্যায় ম্যাচ হারার মূল্য দিতে হতে পারে। আমরা মোটেও ভালো করিনি।”
নিষেধাজ্ঞার কারণে জুড বেলিংহ্যাম ও চোট-শঙ্কার কারণে ফেদে ভালভের্দের মতো গুরুত্বপূর্ণ দুজনকে এ দিন পায়নি রেয়াল মাদ্রিদ। রক্ষণভাগে তরুণ রাউল আসেন্সিওক না খেলিয়ে আনচেলত্তি বেছে নেন লম্বা চোট কাটিয়ে কদিন আগে ফেরা ডাভিড আলাবাকে। কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোর মতো তারকারা পারেননি প্রত্যাশা পূরণ করতে।
সমস্যা ফুটবলারদের মানসিকতায় কি না, তা জানেন না বলেই দাবি আনচেলত্তির। তবে দায় দিচ্ছেন তিনি নিজেদেরই। “আমি জানি না… আমি তো আর ফুটবলারদের মনের ভেতরে ঢুকতে পারি না। তবে যেটা হয়েছে, শুরুতে ২০ মিনিটে যে ছন্দ ছিল, আমরা তা হারিয়ে ফেলেছি। বল হারাতে শুরু করেছি নিয়মিত…প্রথমার্ধে ২৭ বার বল হারিয়েছি আমরা, অনেক বেশিই এটা। এই সুযোগ নিয়েই বেতিস ম্যাচে ফিরে এসেছে।”
লিগে তো আনচেলত্তির দল এখন পিছিয়ে পড়েছেই, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের সামনে অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। মঙ্গলবার খেলতে হবে আতলেতিকোর বিপক্ষে। উন্নতি না করলে সেই ম্যাচেও জয়ের আশা দেখেন না কোচ।
“এভাবে যদি খেলি, মঙ্গলবার আমরা জিততে পারব না। এটা পরিষ্কার। আশা করি, দলের জন্য এই হার হবে জেগে ওঠার ডাক। গত কিছুদিনে মনে হচ্ছিল, আমরা গুছিয়ে নিয়েছি এবং আঁটসাঁট হয়ে উঠেছি। কিন্তু আজকে তা পারিনি।”
মি/গাজী

