প্রধান উপদেষ্টার সঙ্গে নরওয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২০
নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশমন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল রবিবার (২ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলটি বাংলাদেশে ছোট আকারের সৌর প্ল্যান্ট, কৃষি বনায়ন এবং যৌথভাবে নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগের সুযোগ অন্বেষণ করার আগ্রহ প্রকাশ করেছে। অধ্যাপক ইউনূস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার এখন এই দ্রুত বিকশিত খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে প্রস্তুত।
এসময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ কার্বন বাজার ও নবায়নযোগ্য জ্বালানিতে বড় বিনিয়োগ চায়, এজন্য কাজ করছে সরকার। ইতোমধ্যে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য আলোচনা শুরু করেছে সরকার।
অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার সোলার প্ল্যান্টের ওপর বিশেষ জোর দিয়েছে এবং তিনি ইতিমধ্যেই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে সোলার প্যানেল তৈরির প্ল্যান্ট স্থানান্তরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
ইউডি/এআর

