মেঘনায় ছোট ইলিশ সংরক্ষণে কঠোর তৎপরতা

মেঘনায় ছোট ইলিশ সংরক্ষণে কঠোর তৎপরতা

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২০
‘জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’ এই স্লোগানে চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষা অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রবিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশনে তিন নদীর মোহনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন – পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আমিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মো. ফজলুল হক।

এতে সভাপতিত্ব করেন – চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। সভায় বক্তারা ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, নিষিদ্ধ সময়ে কোনো জেলে যেন অভয়াশ্রম এলাকায় মাছ ধরতে না নামে, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে। আইন অমান্য করে কেউ মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের শুরুর দিন আইন অমান্য করে মৎস্য শিকারের কারণে দু’টি মামলায় চারজন গ্রেপ্তার হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যরা একসঙ্গে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নৌ র‌্যালিতে অংশ নেন।

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading