আমি চিন্তিত, তবে আশাহীন নই: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অমর্ত্য সেন
উত্তরদক্ষিণ। রবিবার (০২ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৪০
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, তার বন্ধু, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছেন। তবে এই অচলাবস্থা সমাধানের জন্য এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
সম্প্রতি শান্তিনিকেতনে নিজের বাড়িতে বার্তা সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দেন অমর্ত্য সেন। সেখানে বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনসূ, আওয়ামী লীগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কথা বলেন তিনি।
অমর্ত্য সেন জানান, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং বাংলাদেশ কীভাবে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করবে সে ব্যাপারে তিনি চিন্তিত।
তিনি বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালী পরিচয় রয়েছে।’
অমর্ত্য তার ছোটবেলার বেশিরভাগ সময় ঢাকায় কাটিয়েছেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন স্কুলে চলে যান এবং সেখানেই পড়াশোনা করেন।
তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় দীর্ঘ সময় কাটিয়েছি এবং সেখানেই আমার শিক্ষাজীবন শুরু করেছিলাম। ঢাকা ছাড়াও আমি আমার পূর্বপুরুষের ভিটা মানিকগঞ্জে প্রায়ই যেতাম। অপরদিকে মায়ের দিক দিয়ে আমি বিক্রমপুর গিয়েছি। বিশেষ করে সোনারঙে। এই জায়গাগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অন্যদের মতো আমিও চিন্তিত কীভাবে বাংলাদেশ তার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করবে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এক মূল্যায়নে তিনি বলেন, ‘ইউনূস (আমার) পুরনো বন্ধু। আমি জানি তিনি অনেক বেশি সক্ষম এবং অনেক দিক দিয়ে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র নিয়ে শক্তিশালী কিছু বার্তা দিয়েছেন।’
হঠাৎ কেউ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করলে তার সামনে কিছু চ্যালেঞ্জ তৈরি হয় এমনটি উল্লেখ করে অমর্ত্য বলেন ড. ইউনূসও এমন পরিস্থিতিতে পড়েছেন। কিন্তু তিনি সেগুলো উতরে যেতে পারবেন। সেনের কথায়, ‘যদি আপনি হঠাৎ করে কোনো দেশের প্রধান হন, যেমনটা ইউনূস হয়েছেন, আপনাকে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। ইসলামিক দল রয়েছে, এখন হিন্দু দলও আছে। আমার ড. ইউনূসের সক্ষমতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা আছে।’
ইউডি/এবি

