ইন্ডিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৩৮
মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৫) বিকেলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ইন্ডিয়ার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচের আগে বিরাট ধাক্কা খেল অজিরা। তাদের ডানহাতি ওপেনার ম্যাথিউ শর্ট ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফি থেকে। গেল ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন শর্ট। আর সেই ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।
তার পরিবর্তে অজিদের ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে কুপার কনোলিকে। তার অন্তর্ভূক্তির বিষয়টিতে অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। বাহাতি ব্যাটসম্যান ও স্পিনার কনোলি অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে ট্রাভেল রিজার্ভ হিসেবে এতোদিন ছিলেন। কনোলি মাত্র তিনটি ওয়ানডে খেললেও দলে অফ স্পিনার কম থাকায় কনোলিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছিল অস্ট্রেলিয়া।
কনোলিকে দলে নিলেও ধারনা করা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচে তাকে খেলানো হবে না। তার পরিবর্তে ট্র্যাভিস হেডের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন জ্যাক ফ্রাসার-ম্যাকগার্ক। তার বিস্ফোরক ব্যাটিং বৈশিষ্ট্যের কারণেই হয়তো সুযোগ দেওয়া হতে পারে ম্যাকগার্ককে। যাতে দুবাইর কন্ডিশনে অস্ট্রেলিয়া শুরুতে ভালো কিছু রান পেয়ে যায়।
অবশ্য ম্যাকগার্কের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তার সবশেষ সাত ম্যাচে ১৪ গড়ে রান করেছেন মাত্র ৯৮টি। নতুন বলে তাকে কিছুটা ধুকতেও দেখা গেছে। তারপরও নির্বাচকরা তার ওপর আস্থা রাখছেন। তাদের বিশ্বাস পাওয়ার প্লে’তে অস্ট্রেলিয়াকে একটি দুর্দান্ত সূচনা এনে দিতে পারবেন তিনি। আর সেটা যদি না হয় তাহলে মিডল অর্ডার থেকে কাউকে এসে ওপেনিং করতে হবে।
অস্ট্রেলিয়া ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে শেষ চারে এসেছে। অন্যদিকে ভারত তিন ম্যাচের তিনটিতেই জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে শেষ চারে।
মি/গাজী

