বিএসইসি চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে বৃহস্পতিবার পর্যন্ত সময়
উত্তরদক্ষিণ। বুধবার (০৫ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৪৫
দিনের বড় সময়জুড়ে ভবনের ফটক আটকে আন্দোলনের পর বিকালে সংবাদমাধ্যমের সামনে এসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান ও সব সদস্যের পদত্যাগ দাবি করেছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবারের মধ্যে তারা পদত্যাগ না করলে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
বুধবার (০৫ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় থেকে সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সদস্যরা সেনাসদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় চলে যাওয়ার পর আন্দোলনকারীদের পক্ষে নির্বাহী পরিচালক মাহবুবুল আলম সংবাদিকদের কাছে দাবির বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে আমরা সবাই কর্মবিরতিতে যাব। আমরা অফিসে আসব, কাজ করব না।
কর্মকর্তাদের অভিযোগের বিষয়ে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ও ২৫ বছর চাকরি সমাপ্ত করায় বিধি মোতাবেক কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে ৪ মার্চ অবসর প্রদান করা হয়।
“এই ব্যবস্থা নেওয়ার কারণে কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা বিএসইসি চেয়ারম্যান এবং কমিশনারদের কমিশনের বোর্ড রুমে চলমান সভায় জোরপূর্বক ঢুকে অবরুদ্ধ করে। তারা কমিশনের কার্যালয়ের মূল ফটকে তালা দিয়ে দেয়, সিসি ক্যামেরা বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজক, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।”
তার অভিযোগ, (তারা) অকথ্য ভাষা ব্যবহার করে ও পেশি শক্তি প্রদর্শন করে। একই সাথে তারা চেয়ারম্যানের সদ্য যোগ দেয়া পিএস (একান্ত সচিব), যিনি সরকারের সিনিয়র সহকারী সচিব তাকে লাঞ্ছিত করেন।
ইউডি/এবি

