সিআইবি তথ্য সন্তোষজনক না হলে ৫ লাখ টাকা জরিমানা

সিআইবি তথ্য সন্তোষজনক না হলে ৫ লাখ টাকা জরিমানা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, আপডেট ০৯:০০

এখন থেকে ঋণগ্রহীতাদের মাসিক তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। সেই সঙ্গে সিআইবিতে ঋণ বিতরণের তথ্য সঠিক ও সন্তোষজনকভাবে না দিলে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, “ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করার লক্ষ্যে সিআইবিতে সঠিক তথ্য দেওয়া একান্ত আবশ্যক। এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতাদের ঋণের মাসিক ভিত্তিক তথ্য সিআইবিতে পাঠানোর নির্দেশনা রয়েছে। এখন থেকে প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে তাদের ঋণগ্রহীতাদের সব ঋণতথ্য মাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। এতদিন এটি পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে আপলোডের নির্দেশনা ছিল।

এতে আরও বলা হয়, ঋণ তথ্যাবলী সিস্টেমে আপলোড করার ৭ কর্মদিবসের মধ্যে সিস্টেমে সংশোধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণতথ্য হালনাগাদ করে যথাসময়ে দাখিল করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা তিন দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে। ব্যাখ্যার কারণ ব্যুরোর কাছে সন্তোষজনক বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণযোগ্য হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading