ব্রিটেন সফরকালে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘন, তীব্র নিন্দা নয়াদিল্লির

ব্রিটেন সফরকালে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘন, তীব্র নিন্দা নয়াদিল্লির

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৩০

ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেন সফরকালে তার নিরাপত্তা লঙ্ঘনের এক ঘটনায় বৃহস্পতিবার (০৬ মার্চ) তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জয়শঙ্করের নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করা করেছে।

লন্ডনে খালিস্তানপন্থি এক বিক্ষোভকারী জয়শঙ্করের সফর ব্যাহতের চেষ্টা করেছেন, এমনকি জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা এবং ইন্ডিয়ার পতাকাও ছেঁড়া হয়েছে বলে জানানো হয়েছে ইন্ডিয়ার পত্র-পত্রিকাগুলোতে।

এনডিটিভি জানায়, বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খলিস্তানপন্থি একটি বিক্ষোভকারী দল পতাকা এবং লাউডস্পিকার নিয়ে জড়ো হয়েছিল অদূরে রাস্তার উপর। পুলিশের সামনেই তারা ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন।

জয়শঙ্কর সভা শেষে বেরোনোর সময় বিক্ষোভকারীদের জটলা থেকে একজন হঠাৎই ছুটে তার গাড়ির সামনে চলে যান। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।

তাতে দেখা গেছে, ভারতের পতাকা সদৃশ একটি তিনরঙা কাপড় দুই হাতে মেলে ধরে চিৎকার করতে করতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ান ওই ব্যক্তি। ছিঁড়ে ফেলেন তার হাতে থাকা তেরঙা কাপড়টি। তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ। গাড়িতে ছিলেন জয়শঙ্কর।

একপর্যায়ে ওই ব্যক্তিকে গাড়ির সামনে থেকে পুলিশ সরিয়ে নেয়। পরে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,আমরা ঘটনার ভিডিও ফুটেজ দেখেছি। তাতেই স্পষ্ট যে, নিরাপত্তায় ফাঁক ছিল। আমরা চরমপন্থি, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই ধরনের গোষ্ঠীগুলোর গণতান্ত্রিক স্বাধীনতার এমন অপব্যবহারের নিন্দা জানাই। আশা করি, ব্রিটিশ সরকার কূটনৈতিক বাধ্যবধকতার কথা মাথায় রেখে উপযুক্ত পদক্ষেপ নেবে।

এ ঘটনার পরও অব্যাহত রয়েছে জয়শঙ্করের সফর। আগামী ৯ মার্চ পর্যন্ত ব্রিটেন সফরে থাকবেন জয়শঙ্কর। দেশটির সঙ্গে ইন্ডিয়ার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে এ সফর। বুধবারই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এস জয়শঙ্কর।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading