বায়ুদূষণে শীর্ষে লাহোর ও দিল্লি, ঢাকার খবর কী?
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ১২:২২
দিন দিন বিশ্বের বড় বড় শহরের বায়ুদূষণ বেড়েই চলেছে। ঢাকার বায়ুদূষণও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে আসছে মেঘাসিটি ঢাকার নাম।
শুক্রবার (৭ মার্চ) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা।
একই সময়ে ২৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর; ২৭৩ স্কোর নিয়ে এরপরের অবস্থানে ভারতের দিল্লি; ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি এবং ১৬৮ ও ১৬৫ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই ও কোলকাতা শহর।
আরও পড়ুন: রাজধানীতে ক্রমেই বাড়ছে বিষাক্ত বাতাসের পরিমাণ, সতর্ক করল পরিবেশ অধিদফতর
এছাড়া ১৬২ স্কোর নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, আর ১৬২ স্কোর নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে চীনের বেইজিং ও মিয়ানমারের ইয়াংগুন শহর। ১৫৬ স্কোর নিয়ে এরপরের অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ইউডি/এআর

