বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের

বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৩০

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

রবিবার (৯ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মমিনুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার মাধ্যমে বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয়। তবে এই অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার কিছু নেই। যা ঘটার ঘটে গেছে, এখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করছি তারা যেন হতাশ না হন। চলমান সমস্যা সমাধান হয়ে যাবে।

অতীতে এবং এখনো যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে পুঁজিবাজার ক্ষতি করার চেষ্টা করছেন তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৪ মার্চ নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাফতরিক আদেশ দেন বিএসইসি চেয়ারম্যান। এরপরই দানা বাঁধে তার পদত্যাগের দাবি। চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতিও পালন করেন বিএসইসির কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading