আটকে থাকা ২ প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার ‘উষ্মা’

আটকে থাকা ২ প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার ‘উষ্মা’

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৯:২২

এক দশক ধরে ‘সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ‘ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্প আটকে থাকায় ‘উষ্মা’ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রবিবার (০৯ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর ধরে আটকে আছে! অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দিন দিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকার পরও সে কাজটা এত বছর ধরে করা হয়নি।

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনার অগ্রগতি নিয়ে এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসব প্রকল্প বাস্তবায়নে কী কী বাধা রয়েছে, তা দ্রুত চিহ্নিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ঢাকায় মোট পানি সরবরাহের প্রায় ৭০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে আসে। দীর্ঘদিন ভূগর্ভস্থ উৎস ব্যবহারের ফলে পানির স্তর প্রতিবছর ২-৩ মিটার নিচে নেমে যাচ্ছে, যা টেকসই উন্নয়নের সাথে সাংঘর্ষিক এবং ভবিষ্যতে বড় রকমের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।

এ সমস্যা সমাধানে মেঘনা নদী থেকে পানি সংগ্রহ করে সায়েদাবাদ পানি শোধনাগার (ফেজ-৩) প্রকল্পের মাধ্যমে পরিশোধন করে ঢাকা শহরে সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়।কর্মকর্তারা জানান, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়ন এ প্রকল্পে সহায়তা করছে। তারা ভবিষ্যতে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে ১০ বছর আগে পরিকল্পনা চূড়ান্ত হলেও এখনো বাস্তবায়ন শুরু হয়নি।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, মেঘনা নদী নিয়ে অনেক উৎকণ্ঠা। এটা বাঁচানোর জন্য আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে। বাংলাদেশের নদীগুলো দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। নইলে এ এলাকার জনজীবন বাঁচানো যাবে না। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চলতি অর্থবছরের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি নদী রক্ষা কমিশনকে আরও সক্রিয় করা এবং পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা কমিশনের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading