ধর্ষণের পর সালিশে ডেকে অপবাদ, কিশোরীর আত্মহত্যা

ধর্ষণের পর সালিশে ডেকে অপবাদ, কিশোরীর আত্মহত্যা

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২০

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সালিশে ডেকে ধর্ষণের শিকার এক কিশোরীকে উল্টো অপবাদ দেওয়ার ঘটনায় ক্ষোভে দুঃখে আত্মহত্যা করেছে সে। সম্প্রতি ওই কিশোরী আত্মহত্যা করে বলে জানা যায়। এ ঘটনায় ৭ মার্চ মামলা করেন ওই কিশোরীর মা। ওই মামলার প্রধান অভিযুক্ত আসামি রাকিব হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ওসি মো. কবির হোসেন। গ্রেপ্তার রাকিব হোসেন রামগতি উপজেলার পশ্চিম চর কোলাকোপা এলাকার মো. খবির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি ওই কিশোরী। উল্টো তাকে অপবাদ দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে কিশোরীকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যান। এসে দেখেন, মেয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় ৭ মার্চ ১২ জনের বিরুদ্ধে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন। এতে রাকিব হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলার পর হেলাল উদ্দিন নামের আরও একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে এই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।

কিশোরীর পরিবার জানায়, ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করেন। কিশোরীর মা টের পেয়ে ঘরে প্রবেশ করলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি তিনি রাকিবের মা-বাবাকে জানান। পরে এ নিয়ে অভিযুক্ত রাকিবের পরিবার একটি সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি। উল্টো কিশোরীকে অপবাদ দেওয়া হয়। এরপর মামলার আরেক আসামি হেলাল উদ্দিন কিশোরীর বাড়িতে ঢুকে তার চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেন। ওই দিনই কিশোরী আত্মহত্যা করে।

এ বিষয়ে রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, কিশোরীর আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সালিশি বৈঠকের হেলাল উদ্দিন অপবাদ দিয়ে হুমকি দেন। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading