উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাতে হবে: নাহিদ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১১ মার্চ), ২০২৫, আপডেট ২১:৪৫
‘কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে’ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে। সামাজিক ও রাজনৈতিক জায়গা থেকেও আমাদের সেই অবস্থান দেখাতে হবে। ইসলামের যে সহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে, যা সাম্য, ইনসাফ ও সম্প্রীতির শিক্ষা দেয়, সেই চর্চা ও শিক্ষা আমাদের সমাজে নিয়ে আসতে হবে।’
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন। রাজনীতিবিদ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী ও আলেমসহ সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে এনসিপি এই ইফতার পার্টির আয়োজন করে।
জুলাই গণ-অভ্যুত্থানে কারও অবদান কারও থেকে কম নয় বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্রজনতার সম্মিলিত প্রতিরোধের ফসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, নাগরিক সমাজ, পেশাজীবী, আলেম, শ্রমিক ও সর্বোপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। গণ-অভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ শিক্ষার্থীরা। বিশেষত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণ-অভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে। আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে, তর্কবিতর্ক হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়ায় যাতে কোনো ছেদ না পড়ে।
ইউডি/এবি

