মাদ্রাসাছাত্র হত্যা মামলায় রিমান্ডে সোলাইমান সেলিম

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় রিমান্ডে সোলাইমান সেলিম

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৩:২০

মাদ্রাসার ছাত্র শাহেনুর রহমানকে (১৯) হত্যার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সোলাইমান সেলিমের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানিকালে সোলাইমান সেলিমকে আদালতে হাজির করা হয়।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক দিন পর গত বছরের ৬ আগস্ট ভোরে রাজধানীর লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে মাদ্রাসার ছাত্র শাহেনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বছরের ১৪ নভেম্বর গভীর রাতে ঢাকার গুলশান থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading