চোটে মৌসুম শেষ ইয়ামালের, বিশ্বকাপে খেলতে পারবেন?

চোটে মৌসুম শেষ ইয়ামালের, বিশ্বকাপে খেলতে পারবেন?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:০০

বার্সেলোনার হয়ে লা লিগার বাকি মৌসুম থেকে ছিটকে গেছেন স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে আশা করা হচ্ছে, আগামী বিশ্বকাপের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ১৮ বছর বয়সী এই তারকা গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে বাম পায়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।

ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ইয়ামাল। কিন্তু গোল করার পরপরই তিনি বেঞ্চের দিকে ইশারা করেন এবং নিজের বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে শুয়ে পড়েন। মেডিকেল স্টাফদের সহায়তায় তিনি মাঠ ছাড়েন এবং সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।

বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, ইয়ামাল একটি “রক্ষণশীল চিকিৎসা পরিকল্পনা” অনুসরণ করবেন। এর ফলে লিগের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না। তবে ক্লাব বিবৃতিতে আরও যোগ করেছে যে, “আশা করা হচ্ছে তিনি বিশ্বকাপের সময়মতো ফিরতে পারবেন।”

বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে। লিগের বাকি ছয়টি ম্যাচের মধ্যে আগামী ১০ মে নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৫ জুন গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৭ জুন উরুগুয়ের মোকাবিলা করবে তারা। স্প্যানিশ ভক্তদের জন্য স্বস্তির খবর এটাই যে, বড় কোনো অঘটন না ঘটলে বিশ্বমঞ্চে ইয়ামালকে দেখা যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading