১৭৮ আরোহী নিয়ে মার্কিন বিমানে ভয়াবহ আগুন

১৭৮ আরোহী নিয়ে মার্কিন বিমানে ভয়াবহ আগুন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৩০

আমেরিকার একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বিমানটিতে ক্রুসহ ১৭৮ জন আরোহী ছিলেন। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসেন। এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে।

বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পরে বিমানটিকে ডেনভারের দিকে ঘুরিয়ে দেয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পর আরোহীদের সরিয়ে নেয়ার ভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রতিবেদন অনুসারে, অবতরণের পর বিমানটি গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় ‘ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয়’।

বিমান সংস্থাটি জানিয়েছে, ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে নেমে টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। আমরা আমাদের ক্রু সদস্য, ডিইএন টিম এবং জরুরি কর্মীদের দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। উদ্ধার তৎপরতার সময় বিমানে এবং মাটিতে থাকা সকলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিভে গেছে এবং কেউ আহত হয়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading