সুন্দরবন এলাকায় অভিযানে হরিণের মাংসসহ আটক ১
উত্তরদক্ষিণ। সোমবার, ১৭ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৫০
বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন তিনটি এলাকায় রাতভর অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংসসহ এক চোরা হরিণ শিকারিকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড।
গত রবিবার দিবাগত রাতভর কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদীসংলগ্ন এলাকা, শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ সোমবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পাসহ ১ জনকে আটক করা হয়। আটক হরিণ শিকারি মো. বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, জব্দ করা হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বন্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ইউডি/ আরকে

