আলুর কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক
উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৪১
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। তবে, আলুর কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অধিকাংশ কৃষক।
এদিকে, আলু সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা নেই বলে বেপারীদের জানিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। গত মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এসব তথ্য জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মতলব দক্ষিণ উপজেলার ১৯টি ব্লকে ২ হাজার ১৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হলেও আবহাওয়া অনুকূলে থাকায় চাষ হয়েছে ২ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। আলু উৎপাদন হয়েছে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন।
উপজেলার আশ্বিনপুর, খরগপুর, পাঠন, পিতামবর্দ্দি, আধারা, খিদিরপুর, কাজিয়ারা, নায়েরগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি থেকে আলু তুলে বাড়িতে নিচ্ছেন। তার পর সেগুলো ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশায় করে নেওয়া হচ্ছে হিমাগারে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে।
ইউডি/আরকে

