বিএনপি নেতার গোয়ালঘরে ১৩ চোরাই গরু
উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ১৮: ০৫
নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।
রবিবার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব বিষয় জানান। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭)। তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার গরু চোরচক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামানিককে আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) বাড়ি থেকে চোরাই ১৩ গরু উদ্ধার করা হয়। এ ১৩টি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ছোটন প্রামানিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/ আরকে

