শেখ হাসিনার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের মামলা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫৫
দেশে ‘গৃহযুদ্ধের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে’ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
আমেরিকা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমসহ ৭৩ জনের নাম উল্লেখ করে মোট ৫০৩ জনকে এ মামলার আসামি করা হয়েছে, যারা শেখ হাসিনার সঙ্গে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন বলে পুলিশের ভাষ্য।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করা হয়। বিচারক অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।
১৮৬০ সালের দণ্ডবিধির ১২১, ১২১ক, ১২৪ক ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে মামলায়।
মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাদী গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন যে, ১৯ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয়বাংলা ব্রিগেড’ গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন। মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করেন।
ইউডি/এবি

