ট্রাম্পের শুল্ককাণ্ড: বৈশ্বিক পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ১% কমবে, ডব্লিউটিও’র শঙ্কা
রিন্টু হাসান। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:২৫
আমেরিকার আগ্রাসী শুল্কনীতির কারণে চলতি বছর বৈশ্বিক পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ১ শতাংশ কমবে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওয়ালা। এর ফলে পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বিশ্ব ব্যবস্থা একটি শুল্ক যুদ্ধের চক্রে ঘুরপাক খাবে বলে এক বিবৃতিতে তিনি সতর্ক করেন।
বিশ্ব বাণিজ্যের বিশাল অংশ ডব্লিউটিওর ‘মোস্ট ফেবারড ন্যাশন (এমএফএন)’ শর্তের অধীনে পরিচালিত হচ্ছে। বর্তমান হিসাব অনুযায়ী, বিশ্বের ৭৪% বাণিজ্য এখন এই শর্ত মেনে হয়, যা বছরের শুরুতে ছিল প্রায় ৮০ শতাংশ। ট্রাম্পের শুল্কনীতির কারণে এই হার কমে গেছে।
ডব্লিউটিও’র সব সদস্যকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, এত বড় পরিসরের বাণিজ্যিক পদক্ষেপ বড় উত্তেজনা তৈরি করবে। কিন্তু সেই চাপ দায়িত্বশীলতার সঙ্গে মোকাবেলা করতে হবে। বাণিজ্য বিরোধ ঠেকিয়ে উন্মুক্ত ও পূর্বাভাসযোগ্য বাণিজ্য পরিবেশের জন্য সংলাপের প্ল্যাটফর্ম হিসেবে ডব্লিউটিও গঠিত হয়। গঠনমূলক আলোচনার জন্য এই ফোরামকে ব্যবহার করে সমাধানের পথ খুঁজতে হবে।
ইউডি/এজেএস

