বাংলাদেশ-জিম্বাবুয়ে : টেস্ট সিরিজ শুরু কবে, কোথায়?

বাংলাদেশ-জিম্বাবুয়ে : টেস্ট সিরিজ শুরু কবে, কোথায়?

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:৩৫

ঈদের ছুটি শেষে আবারও মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলের ক্রিকেটাররাও প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। এবার শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যস্ততা। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্প হবে সিলেটের মাটিতে। যেখানে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররা।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি বাংলাদেশ। এর আগে ইন্ডিয়ার মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল। শেষবার বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে । যেখানে তারা সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল।

এ ছাড়া দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ। সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading