আমেরিকার পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

আমেরিকার পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৮ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৪৫

আমেরিকার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটভুক্ত দেশগুলোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমেরিকার শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে তারা। তবে নতুন শুল্কের আওতায় থাকছে না আমেরিকার বোরবন হুইস্কি। ইউরোপের মদকে মার্কিন প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির হাতে আসা একটি নথি থেকে এসব তথ্য জানা গেছে।

ওই নথি অনুযায়ী, আমেরিকার যেসব পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে সয়াবিন, পোলট্রি, চাল, ভুট্টা, ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক, টেক্সটাইল পণ্য, চিত্রকর্ম, ইলেকট্রিক সরঞ্জাম ও সৌন্দর্যবর্ধক প্রসাধনীসামগ্রী।

তবে ফ্রান্স ও ইতালির অনুরোধে এই তালিকায় আমেরিকার উৎপাদিত বোরবন হুইস্কি রাখা হয়নি। ইউরোপের এই দুই দেশ মদের (ওয়াইন) বড় রপ্তানিকারক। ইউরোপের অ্যালকোহল পণ্যের ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর বড় শঙ্কায় রয়েছে প্যারিস ও রোম।

আমেরিকার পণ্যের এই তালিকা ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার এ নিয়ে ভোটাভুটি হবে। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলে আগামী মে মাসের মাঝামাঝি সময় থেকে অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। আর আমন্ডসহ (কাঠবাদাম) অন্য কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু হতে পারে ডিসেম্বরে।

গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমেরিকার আরোপ করা ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। তার জবাবেই মূলত ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এ ছাড়া ২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে এর বিপরীতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ইউরোপীয় ইউনিয়ন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading