বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ইন্ডিয়া

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানাল ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বুধবার (৯ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:১৫

ইন্ডিয়ার বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ইন্ডিয়া। কয়েক বছর ধরে চলমান এ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে কথা বলেন জয়সওয়াল।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন বলছে, রফতানির ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ব্যাখ্যায় সংবাদ সম্মেলনের পাশাপাশি একটি বিবৃতিও দিয়েছে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়ার কারণে ইন্ডিয়ার বিমানবন্দর ও অন্য বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক জট দেখা যাচ্ছে। লজিস্টিক সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে এবং ব্যয়ও বেড়ে গেছে। ফলে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক পণ্য দীর্ঘ সময় ধরে আটকে থাকছে। যার কারণে ৮ এপ্রিল, ২০২৫ থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

বুধবারের সংবাদ সম্মেলনে, ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় এবং ব্যাংককে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার অগ্রগতি জরুরি বলেও জানান রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা ব্যাংককে আলোচনায় যেসব বিষয় তুলে ধরেছিলাম, সেগুলোও আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি। আমাদের বিশ্বাস, এসব বিষয়ে অগ্রগতি জরুরি।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নোটিশ জারি করে ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। ফলে এখন থেকে ইন্ডিয়ার বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ।

ইন্ডিয়ার সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইন্ডিয়ার স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ। ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রফতানির এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ইন্ডিয়া।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading