প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার, প্রেমিকাসহ আটক ৩
উত্তরদক্ষিণ। রবিবার, ২১ জুন, ২০২৬, আপডেট ১৬:১৬
নরসিংদীর রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে তিনদিন নিখোঁজ থাকার পর ওয়ালিদ হাসান (১৭) নামে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রেমিকাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জাকিরের বসতঘরের ভেতর ওয়ালিদকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ উঠানে ফেলে রাখা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে রাতে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে।
অভিযোগ উঠেছে, ওয়ালিদকে হত্যার পর তার লাশ কাপড়ে মুড়িয়ে গুম করার চেষ্টা করা হয়েছিল। এসময় স্থানীয়রা ৩ নারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত ওয়ালিদ হাসান ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে, বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়া, তার স্ত্রী ফরিদা আক্তার ও দুই মেয়ে মিন্নি ও প্রাণার বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তার (১৭) এর সাথে ওয়ালিদ হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তিনদিন আগে নিখোঁজ হয় ওয়ালিদ। প্রেমের সম্পর্কের জেরে তাকে নৃশংসভাবে খুন হন। ঘটনার পর থেকেই বাড়ির মালিক জাকির মিয়া পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা প্রাণা আক্তার (১৭), তার বোন জাকিয়া আক্তার(২৬), জিম তারা (২০) ও মা ফরিদা আক্তার (৪০) সহ ৪ জনকে আটক করা হয়েছে।
রায়পুরা থানার ওসি (অপারেশন) নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইউডি/রেজা

