৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১০ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৫০

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগস্টের প্রথম দিকে এই পরীক্ষা হতে পারে। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ জুন এই পরীক্ষার হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার পর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উচ্চ পর্যায়ের একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালে। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।

বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬ তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। সর্বশেষ গত নভেম্বরে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে বিদ্যমান চারটি বিসিএসের জট শেষ করে পরবর্তী সময়ে একেকটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি বিসিএস পরীক্ষার বিদ্যমান পাঠ্যসূচিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে দেড় বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করতে হবে এক বছরের মধ্যে। বাকি ছয় মাসে চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে।

অবশ্য নতুন পরিকল্পনা অনুযায়ী এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করতে হলে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ২০২১ সালে পিএসসি এক বছরে পরীক্ষা শেষ করার আশাবাদ ব্যক্ত করেছিল; কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং আগের পরীক্ষার জট এখনো চলছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading