মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে বাম ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে বাম ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ

উত্তরদক্ষিণ। শুক্রবার (১১ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৩০

নামের এ পরিবর্তনকে মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য ‘অশনি সংকেত’ হিসেবে বর্ণনা করে বিষয়টিকে ‘সাম্প্রদায়িক গোষ্ঠীর’ কাছে অন্তর্বর্তী সরকারের ‘আত্মসমর্পণ’ বলছে সংগঠনগুলো। কর্তৃপক্ষকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে তারা সরে আসার আহ্বান জানিয়েছে।

এবারের পহেলা বৈশাখ উদযাপনে ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তনের প্রসঙ্গ ওঠার পর থেকেই নানা আলোচনা চলছিল। নতুন বছর শুরুর তিন দিন আগে শুক্রবার ওই শোভাযাত্রার নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম।

এবারের আয়োজনে ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণের কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।

এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, “সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীর আস্ফালনের কাছে নতজানু হয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন দেশের মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনি সংকেত। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দ্রোহের মশাল জ্বেলে শুরু হওয়া এই শোভাযাত্রায় ক্রমেই আপামর জনতা ‘একাত্ম হয়েছিল’। ধর্মনিরপেক্ষ বাংলাদেশের এক অনন্য প্রতিচ্ছবি এই মঙ্গল শোভাযাত্রা যেখানে সকল ধর্ম-বর্ণ-জাতির নির্বিশেষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি।

“তার বিপরীতে বারবার বিভিন্ন মৌলবাদী শক্তির আস্ফালন ও শাসকশ্রেণির কূটকৌশল, নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এর গণচরিত্রে চিড় ধরানোর অপচেষ্টার নজিরও আমরা দেখেছি। বিগত কর্তৃত্ববাদী শাসনের আমলেও আমরা দেখেছি এই শোভাযাত্রার প্রতিবাদী চরিত্রকে হরণ করা হয়েছিল।”

এবার অভ্যুত্থান পরবর্তীতে বর্ষবরণ অন্য সময়ের তুলনায় আরও প্রাণবন্ত হওয়ার ‘প্রত্যাশার’ কথা তুলে ধরে ছাত্র ফ্রন্টের বার্তায় বলা হয়, “কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি চারুকলা অনুষদের শিক্ষার্থী-শিক্ষকের স্বতন্ত্র এই আয়োজনে সরকার নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, যা ইতিপূর্বে কখনও ঘটেনি। সবশেষ নাম পরিবর্তনের এই সিদ্ধান্তও সেই হস্তক্ষেপের অংশ এবং অন্তর্বর্তী সরকারের জনতুষ্টিবাদী রাজনীতির প্রতিফলন।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শোভাযাত্রার নাম পরিবর্তন প্রত্যাখান করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রার নাম পরিবর্তন ‘ফ্যাসিস্ট সাম্প্রদায়িক মবের কাছে’ অন্তবর্তীকালীন সরকারের ‘অসহায় আত্মসমর্পণ’। ঐতিহাসিকভাবে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের বিশাল কর্মযজ্ঞ শিক্ষার্থী-শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠিত হয়ে থাকলেও এবারের মঙ্গল শোভাযাত্রা আয়োজনের শুরু থেকেই শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রবণতা দেখা যায় চারুকলার শিক্ষকদের মধ্যে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading