মার্চ ফর গাজায় স্রোতের মতো মিছিল আসছে সোহরাওয়ার্দীত
উত্তরদক্ষিণ। শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, আপডেট ১৪:৫০
গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় এই গণজামায়াত শুরুর কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছে ছোট-বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে।
আগতদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সমাবেশ স্থলে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এবং তথ্য কেন্দ্র। দুপুরে জোহরের নামাজের পর পরই দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন।
আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, এ সমাবেশের মাধ্যমে শান্তিপূর্ণভাবেই পৃথিবীর অন্যতম বৃহত্তম জমায়েত করে পুরো বিশ্ববাসীর কাছে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাবো।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কয়েক লক্ষ ছাত্র জনতাকে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। আমরা চাই গাজায় হামলা বন্ধ হোক।
ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব গাজী সানাউল্লাহ রাহমানী বলেন, গোটা পৃথিবীকে আমরা একটি বার্তা দিতে চাই। ফিলিস্তিন একা নয়, গাজা একা নয়, রাফাহ একা নয়; আমরাও তাদের সাথী। এ দাবি জানাতে পুরো বাংলাদেশ থেকে আমরা এখানে একত্র হয়েছি।
ইউডি/এআর

