প্রশিক্ষণ নিতে সশস্ত্র বাহিনীর কাউকে যেন ইন্ডিয়া না পাঠানো হয়: অলি
উত্তরদক্ষিণ। শনিবার (১২ এপ্রিল), ২০২৫, আপডেট ২১:৫০
দেশের সশস্ত্র বাহিনীর কোনো সদস্যকে প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ায় না পাঠানোর ‘অনুরোধ’ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর মহাখালীর রাওয়া কনভেশন সেন্টারে এক সেমিনারে তিনি বলেন, আমাদের বুঝতে হবে, ইন্ডিয়া কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, তা তারা চায় না। তারা এ দেশকে শোষণ ও শাসন করতে চায়। এ ব্যাপারে কারো দ্বিধা-দ্বন্দ্ব থাকার অবকাশ নাই।
তিনি বলেন, প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যেন ইন্ডিয়ায় পাঠানো না হয়, এটার জন্য সেনাপ্রধানকে বা অন্যান্য প্রধানদের অনুরোধ করব। কারণ ওখানে যাওয়ার পর অনেকে অনৈতিক সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
“অতীতে অনেকে জড়িয়ে পড়েছেন, যেমন হুসাইন মুহাম্মদ এরশাদ। বিস্তারিত আমি বলতে চাই না, কারণ আমি জানি ঘটনাগুলো।”
অলি আহমদ বলেন, সেনাপ্রধান হওয়ার আগে অনেকে ইন্ডিয়ার দেওয়া ১৮-২০টা শর্তের ওপর দস্তখত করেছে। এ কথা সকলে জানে, কিন্তু বলে না। এছাড়া বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া বা প্রমোশনের জন্য ইন্ডিয়ার শরণাপন্ন হয়েছেন।
সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, সর্বপ্রথম এরশাদই ইন্ডিয়ার সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে। ২০০৮ সালে জেনারেল মঈন ইউ আহমদ নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেন।
‘রাষ্ট্র সংস্কার-রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী’ শিরোনামে এ সেমিনার আয়োজন করে অবসরে যাওয়া সেনা কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-রাওয়া।
অলি আহমদ বলেন, ইন্ডিয়া হল আমাদের মূল সমস্যা, এটা বুঝতে হবে আপনাদের। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন, হাসিনাকে পাহাড়া দেওয়ার জন্য, বিডিআরের অভ্যন্তরে যেসব ঘটনা ঘটেছে, সেখানে ব্ল্যাক ক্যাট জড়িত ছিল ইন্ডিয়ার। আমাদের ক্যাটগুলো তো জড়িত ছিলই, কিন্তু ইন্ডিয়ার ব্ল্যাক ক্যাট জড়িত ছিল।
৫ অগাস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এবার আপনারা দেখেন ইন্ডিয়া ব্ল্যাক ক্যাটগুলো তিনটা কালো বাসে করে ক্যান্টনমেন্ট থেকে তারা বের হয়েছিল, এবং এয়ারপোর্টে কীভাবে তারা পালাচ্ছিল, এটাতো কারো অজানা নয়। ইন্ডিয়ার ব্ল্যাক ক্যাটই ছিল হাসিনার পাহাড়াদার ও আমাদের জনগণকে হত্যার জন্য মুখ্য ভূমিকা পালনকারী। তাদের ব্যাপারে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।
ইউডি/এবি

