চট্টগ্রামে থানা ঘিরে পাল্টাপাল্টি অবস্থান বৈষম্যবিরোধী ও ছাত্রদল নেতা-কর্মীদের
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল), ২০২৫, আপডেট ২৩:৩৫
চট্টগ্রামে হামলার ঘটনায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে থানা ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে নগরের আকবর শাহ থানার ভেতরে ও বাইরে অবস্থান করছে দুই পক্ষ। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী গুরুতর আহত হয়েছেন। সংগঠনটির অভিযোগ, ছাত্রদলের হামলায় তিনি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিন দুপুরে নগরের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করার প্রতিবাদ করলে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের ভাষ্য, ছাত্রদলের কর্মীরা কলেজের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। একই ঘটনায় কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির প্রতিনিধিরা গেলে তাদের ওপরও হামলার অভিযোগ ওঠে।
নেতা-কর্মীরা জানান, সন্ধ্যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আকবর শাহ থানায় যান হামলার বিষয়ে অভিযোগ জানাতে। এ সময় সেখানে আগে থেকে অবস্থান করছিলেন ছাত্রদলের কর্মীরা। পরে সেখানে ছাত্রদলের কর্মীরা তাদের ওপর চড়াও হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে তারা মারধর করে আহত করেন। এ ছাড়া এনসিপির তিনজন আহত হয়েছেন।
গুরুতর আহত ব্যক্তির নাম মারুফ বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আহত অবস্থায় দুই-তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ইউডি/এবি

