দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যে যার মত প্রকাশ করতে পারছে: নাহিদ

দেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যে যার মত প্রকাশ করতে পারছে: নাহিদ

উত্তরদক্ষিণ। রবিবার (২০ এপ্রিল), ২০২৫, আপডেট ২২:১৫

‘বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে। এটা কেবলই ভিন্নমত।’—ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠক শেষে রবিবার (২০ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কার্যালয়ে এ বৈঠক হয়।

এক সাংবাদিক প্রশ্ন করেন, জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী যে দলগুলো ছিল, তাদের মধ্যে ফাটল দেখা দিচ্ছে। একে অপরকে বিষোদ্‌গার করছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে। ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা তৈরি হচ্ছে কি না, এ বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না।

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘এখন যে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো বাংলাদেশে রাজনীতি করছে, বিভিন্ন রাজনৈতিক দলের অবশ্যই বিভিন্ন মত থাকবে। আমরা মনে করছি, এখন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে। এটি কেবলই ভিন্নমত। আমরা মনে করি না, রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে, যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছেন, দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, তারই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেব। কোনোভাবেই আমরা বাংলাদেশকে, বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেব না, এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading