প্রাইম এশিয়ার ছাত্র খুনের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতা আসামি
উত্তরদক্ষিণ। রবিবার (২০ এপ্রিল), ২০২৫, আপডেট ২২:১০
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার অভিযোগে করা মামলায় আট আসামির মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার নাম থাকার কথা বলেছে পুলিশ।
তবে এ ঘটনায় রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বনানী থানা পুলিশ।
বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শনিবার বিকালে ‘ছুরিকাঘাতে’ খুন হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পারভেজ, যাকে রোববার নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রদল।
এ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানীর কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগও সংবাদ সম্মেলনে করেছে ছাত্র সংগঠনটি।
রবিবার সকালে নিহতের চাচাত ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনকে আসামি করে বনানী থানায় মামলা করেছেন বলে জানান এ থানার ওসি রাসেল সারোয়ার।
তিনি বলেন, মামলার আসামিদের মধ্যে কয়েকজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী। বাকিরা বহিরাগত।
মামলার আসামিরা হলেন- মেহরাজ ইসলাম (২০), আবু জর গিফারী পিয়াস (২০), মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজী (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এদের ছাড়াও নাম না দিয়ে আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে এজাহারে সোবহান নিয়াজ তুষারের পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে। হৃদয় মিয়াজীর পরিচয় দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একই ইউনিটের যুগ্ম সদস্য সচিব হিসেবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুষার ও হৃদয়েকে মামলায় আসামি করা হয়েছে কি না জানতে চাইলে বনানী থানার ওসি বলেন, সঠিক, মামলার আট আসামির মধ্যে তাদের নাম রয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শনিবার বিকালে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ‘ছুরিকাঘাতে’ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।
টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাশে চায়ের দোকানে আড্ডার সময় ছোট্ট একটি ঘটনায় বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।
এর আগে রবিবার দুপুরে নিহত পারভেজকে নিজেদের কর্মী দাবি করে সংবাদ সম্মেলনে ছাত্রদল এ হত্যাকাণ্ডের জন্য ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার পাঁচ নেতাসহ বাহিরাগত গ্যাংয়ের সদস্যদের’ দায়ি করে।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ফেইসবুক পেইজে ছাত্রদলের এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনায় তাদের নেতারা জড়িত নন। ছাত্রদল মিথ্যাচার করছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী খুনের ঘটনায় নয়া পল্টনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অভিযোগ, বনানী এলাকার প্রচণ্ড উশৃঙ্খল মেহেরাজ ইসলাম গং বহিরাগতদের ডেকে এনে পারভেজের ওপর পরিকল্পিত হামলা চালায়। এ হামলায় মেহেরাজ ইসলামের সঙ্গে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম-আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম-সদস্য সচিব হৃদয় মিয়াজী। তাদের সঙ্গে এলাকার বেশ কিছু সন্ত্রাসী জড়িত ছিল।
“পারভেজকে হত্যার অভিযোগে বনানী থানায় মামলা হয়েছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজনকে আসামি করা হয়েছে।”
ইউডি/এবি

