পাকিস্তানিদের ভিসা স্থগিত করল ইন্ডিয়া, ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল), ২০২৫, আপডেট ১৯:১০
ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে নয়াদিল্লি। বুধবার সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতসহ পাঁচটি কড়া পদক্ষেপের কথা জানায় মোদি সরকার। এবার ইন্ডিয়ান মেডিকেল ভিসাসহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সুবিধা স্থগিত করল ইন্ডিয়া।
ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ইন্ডিয়ান ভিসা রোববার থেকে বাতিল হয়ে যাবে। এছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়ায় অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ইন্ডিয়া ত্যাগ করতে হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ইন্ডিয়ান ভিসা রয়েছে, তারা ইন্ডিয়া ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সুবিধাও স্থগিত করেছে ইন্ডিয়া। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ইন্ডিয়া ভ্রমণের জন্য কোনো ধরনের নথি পাবেন না।
ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইন্ডিয়ান নাগরিকদের পাকিস্তান ভ্রমণ এড়ানোর বিষয়ে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া পাকিস্তানে অবস্থানরত ইন্ডিয়ানদের শিগগিরই দেশে ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে।
এর আগে, মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় ও এক নেপালি নাগরিকের প্রাণহানির ঘটনার পর ইন্ডিয়ার পক্ষ থেকে বুধবার বেশ কিছু কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়।পাকিস্তানের বিরুদ্ধে ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে’ সহায়তার অভিযোগ এনে দেশটির সঙ্গে স্বাক্ষরিত দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত এবং উভয় দেশের মধ্যকার প্রধান স্থল সীমান্তও বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া। পাশাপাশি পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার এবং ইসলামাবাদ থেকে ইন্ডিয়ান সামরিক উপদেষ্টাকে প্রত্যাহার ও হাইকমিশনে নিযুক্ত কর্মীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দিল্লি।
ইন্ডিয়ার আকস্মিক এমন পদক্ষেপের পর বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জরুরি বৈঠকে ইন্ডিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ইন্ডিয়ার সঙ্গে সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। এগুলোর সঙ্গে নিজেদের আকাশে ইন্ডিয়ান মালিকানাধীন অথবা ইন্ডিয়া পরিচালিত সকল বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এর পাশাপাশি ইন্ডিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ইন্ডিয়ান প্রবেশ অথবা বের হতে পারবে না।
ইউডি/এবি

