পহেলগাম হামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চায় পাকিস্তান
উত্তরদক্ষিণ। শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৩:৪০
ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগামে হামলায় ২৬ জন নিহতের জেরে ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ইন্ডিয়া। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান।
শনিবার (২৬ এপ্রিল) কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে এক সমাপনী কুচকাওয়াজে দেয়া ভাষণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ‘পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি ভারতের চিরাচরিত দোষারোপের আরেকটি উদাহরণ। এসব অবশ্যই বন্ধ করতে হবে।’
এই হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বশীল দেশ হিসেবে পাকিস্তান নিজেদের ভূমিকা রাখতে চায়। যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তের জন্য যা যা দরকার সরকার সে বিষয়ে সহযোগিতা করবে।
বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাই-বাছাই ছাড়াই ভারত ভিত্তিহীনভাবে পাকিস্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলছে বলে অভিযোগ করেন শাহবাজ।
তিনি বলেন, ‘জাতির প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঠিকই বলেছিলেন, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের শিরা। দুর্ভাগ্যবশত, জাতিসংঘের একাধিক প্রস্তাব সত্ত্বেও বিশ্বব্যাপী স্বীকৃত এই বিরোধ অমীমাংসিত রয়েছে।
কাশ্মীরের জনগণের পাশে পাকিস্তান আছে জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের জন্য পাকিস্তান তাদের সমর্থন অব্যাহত রাখবে।’
এর আগে পহেলগাম হামলায় আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে ও সিন্ধু পানিচুক্তি বন্ধ করবে বলেই এই হামলার ঘটনাকে সামনে রাখছে।
ইউডি/কেএস

