বাংলায় এলো কোরিয়ান সিরিজ
উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ০৮:২০
বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেনডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় সিরিজটির অফিসিয়াল বাংলা সংস্করণ স্ট্রিমিং হবে আজ থেকে টফি প্ল্যাটফর্মে।
ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, ‘বাংলাদেশে এর আগে কিছু কনটেন্ট বাংলায় ডাবিং হলেও এত বড় আয়োজনে কোনো কোরিয়ান সিরিজের অফিসিয়াল বাংলা সংস্করণ এবারই প্রথম। সাবটাইটেল ছাড়াই পরিবার নিয়ে উপভোগ করা যাবে পুরো সিরিজটি।’
ডিসেনডেন্টস অব দ্য সানের গল্প স্পেশাল ফোর্সের অফিসার ক্যাপ্টেন ইউ সি-জিন ও সাহসী সার্জন ডা. কাং মো-ইয়েনের জীবনের ইভেন্টফুল রোমান্স ঘিরে। যুদ্ধবিধ্বস্ত এক এলাকায় গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হন তারা। ভূমিকম্প, মহামারি, বিপদের ভেতর জন্ম নেয় ভালোবাসা।
রোমান্স, মনকাড়া লোকেশন, অ্যাকশন ও আত্মত্যাগের সংমিশ্রণে গড়া এ সিরিজ কে-ড্রামা দর্শকদের কাছে পেয়েছে বিশেষ জায়গা। বাংলা ডাব সংস্করণে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এ বি এম সুমন, শ্যামল মাওলা, তারিক আনাম খানসহ অনেকে।
ইউডি/কেএস

