বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিএসইসির ২১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

উত্তরদক্ষিণ। বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, আপডেট ২০:২০

২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর অনুষ্ঠিত বিএসইসির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিষয়টি আজ বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক আদেশে জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।

এর বাইরে রয়েছেন পরিচালক আবুল হাসান ও ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক নান্নু ভূঁইয়া, সরকারি পরিচালক আমিনুর রহমান খান, তরিকুল ইসলাম ও সমির ঘোষ।

মূলত গত ৫ মার্চ বিএসইসিতে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনায় এসব কর্মকর্তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে গত ৫ মার্চ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে চেয়ারম্যান ও তিন কমিশনারকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।

দাবি পূরণ না হওয়ায় চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে ৬ মার্চ কর্মবিরতিও পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading